Logo
প্রিন্টের তারিখ: 05 September 2026 | প্রকাশের তারিখ: Sep 6, 2026

সংবাদ শিরোনাম : ভালুকায় এমপির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় এমপির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. মোফাজ্জল হোসেন মাস্টার।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ভালুকা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মোফাজ্জল হোসেন মাস্টার উপজেলার বাঁশিল গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে মোফাজ্জল হোসেন মাস্টার দাবি করেন, গত মঙ্গলবার (১৮ আগস্ট) কয়েকজন ব্যক্তি তাঁর ভাইদের প্ররোচিত করে ঢাকার জাতীয় প্রেসক্লাবে নিয়ে যান। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়। তবে ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা না করে এবং প্রকৃত তথ্য যাচাই না করেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

মোফাজ্জাল হোসেন মাস্টার আরও বলেন, তাঁর পরিবারের বিষয়ে কোনো অভিযোগ বা বক্তব্য থাকলে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রকৃত তথ্য যাচাই করা উচিত ছিল। কিন্তু তা না করে জাতীয় পর্যায়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরায় পরিবারের পক্ষ থেকে তিনি এর প্রতিবাদ জানাচ্ছেন।

সংবাদ সম্মেলনে মোফাজ্জাল হোসেন মাস্টারের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

তবে জাতীয় প্রেসক্লাবে ১৮ আগস্টের সংবাদ সম্মেলনে যাঁরা অভিযোগ তুলেছেন, তাঁদের বক্তব্য বা অভিযোগের বিষয়ে এই সংবাদ সম্মেলনে তাঁদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF